হযরত রাবেয়া বসরী রহমতুল্লাহি আলাইহা: ইবাদত কেন করেন !

 হযরত রাবেয়া বসরী রহমতুল্লাহি আলাইহা: ইবাদত কেন করেন ! 

একদা একদল লোক হযরত রাবেয়া বসরী রহমতুল্লাহি আলাইহি উনার নিকট হাজির হন। তন্মধ্যে একজনকে তিনি জিজ্ঞাসা করলেন, “আচ্ছা ! আপনি আল্লাহ পাক উনার ইবাদত কেন করেন?” তিনি বললেন- “দোযখের সপ্ত স্তর বড়ই ভীষণ এবং সকলকে একদিন উহার উপর দিয়ে গমন করতে হবে। সেই দোযখের শাস্তির ভয়ে ইবাদত করি।” অপর একজন বললেন- “বেহেস্তেতে সৌন্দর্য্যময় অট্টালিকারাজি এবং নানাবিধ আরামের এবং নিয়ামতের জন্য খোদা প্রদত্ত ওয়াদা বিদ্যমান আছে, তজ্জন্যই আমি এই ইবাদত করছি।” ইহা শুনে হযরত রাবেয়া বসরী রহমতুল্লাহি আলাইহি বললেন- “যে ব্যক্তি দোযখের ভয়ে ও বেহেস্তের লোভে স্বীয় প্রভূর ইবাদত করে, সে বড়ই হেয় ও হতভাগ্য।” তারা বললেন, “আচ্ছা ! বলুনতো, আপনি কেন উনার ইবাদত  করছেন? আপনার  কি কোন  বাসনা নেই?” তিনি বললেন, “আমার পক্ষে বেহেস্ত এবং দোযখ উভয়ই সমান। তিনি ইবাদত করার জন্য আদেশ করেছেন, আমার জন্য কি ইহাই যথেষ্ট নয়? কোন শাস্তির ভয় বা লোভণীয় কিছু না থাকলে উনার ইবাদত করা মানুষ মাত্রেরই কর্তব্য নয় কি?”

হযরত রাবেয়া বসরী রহমতুল্লাহি আলাইহি উনার মোনাজাতে বলতেন, “হে খোদা! যদি আমি দোযখের ভয়ে তোমার উপাসনা করি, তবে তুমি আমাকে দোযখে নিক্ষেপ করো, আর যদি বেহেস্তের আশায় তোমার উপাসনা করি, তবে বেহেস্ত হতে তুমি আমাকে বঞ্ছিত করো। আর যদি কেবল তোমার সন্তুষ্টি বিধানের জন্যই আমি উপাসনা করি তবে তোমার স্থায়ী সৌন্দর্য্য হতে আমাকে বঞ্ছিত করো না।”


0 Comments: